ইংল্যান্ডে টেস্ট সিরিজে থাকছে ‘ভার্চুয়াল’ দর্শক

৭ জুলাই, ২০২০ ১৭:৫০  
করোনার প্রভাবের মধ্যেই ক্রিকেট ফিরছে ইংল্যান্ডে। এটাই প্রথম বড় কোনও আন্তর্জাতিক ইভেন্ট। আয়োজনে কোনও কার্পণ্য রাখছে না ইসিবি। তুমুল চিৎকার, ঘনঘন হাততালি ও স্লোগান সবই থাকবে সাউদাম্পটনের গ্যালারিতে। শুধু দর্শক থাকবে না! ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্ট সিরিজে এ ভাবেই কৃত্রিম ভাবে দর্শকদের অভাব পূরণ করবে ইসিবি। বেন স্টোকস কিংবা জেসন হোল্ডারদের ম্যাচ টিভিতে দেখার সময় যা অন্যরকম অনুভূতি দেবে। জৈব সুরক্ষিত পরিবেশে হবে তিনটে টেস্ট। যার প্রথমটা শুরু হচ্ছে বুধবার। আলোচনায় গ্যালারির কৃত্রিম মুহূর্তগুলো। টেস্ট ম্যাচে মাঠের রং মুহূর্তে বদলে যায়। তা মাথায় রেখেই পুরো ব্যাপারটা সাজানো হচ্ছে। উইকেট পড়লে গ্যালারি সমবেত চিৎকার যেমন, হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরিতেও তাই হয়। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে টিমকে উৎসাহের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন মাঠের দর্শকরা। বোলারদের উৎসাহর কাজটা করে থাকেন তারাই। ঠিক যেমনটা হচ্ছে লা লিগা কিংবা বুন্দেশলিগার ম্যাচের সময়। এই ভাবনা থেকেই নিঃস্তব্ধ গ্যালারির বদলে কিছু কৃত্রিম শব্দের আবহও রাখা হচ্ছে। যাতে ক্রিকেটাররাও কিছুটা ম্যাচের উত্তাপ পান। দু’টিমের মতামত নিয়েই তা করা হচ্ছে।